
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লায় পৃথক অভিযানে ২ কোটি ৬৯ লাখ ৫’শ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি, ফুসকা ও কসমেটিকস প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন, পালপাড়া এবং জোড়া ব্রিজ এলাকায় এসব মালামাল উদ্ধার করা হয়। বুধবার (৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কুমিল্লার সহকারী কমিশনার (ল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সির উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেনের ভেতরে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫’শ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, ফুচকা ও প্রসাধনী সামগ্রী আটক করা হয়।
এছাড়াও কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় বিজিবির বিশেষ টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৯৫ লাখ ৬৪ হাজার টাকা।
সব মিলিয়ে উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ৫’শ টাকা।
আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC