
ঈদ সামনে রেখে কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। নিয়মনীতি না মেনে নোংরা পরিবেশে শ্রমিকদের কাজ করতে দেখা যায়। এসব সেমাই জেলা ও জেলার বাইরের বিভিন্ন বাজারে বিক্রির জন্য সরবরাহ করা হয়।
এ পরিস্থিতিতে রমজান উপলক্ষে আজ বুধবার (৪ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার সেই সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, “কুমিল্লা ফ্লাওয়ার মিলস” ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।
উল্লিখিত অপরাধসমূহের কারণে কুমিল্লা ফ্লাওয়ার মিলসকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া বলেন, জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: জুয়েল মিয়া এবং সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।









