মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

কুমিল্লাকে উন্নয়ন করতে সবার সহযোগিতা চাইলেন মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Monirul Haque Chowdhury seeks everyone's cooperation to develop Comilla
কুমিল্লাকে উন্নয়ন করতে সবার সহযোগিতা চাইলেন মনিরুল হক চৌধুরী

কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লাকে উন্নয়ন করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার। স্ব স্ব দপ্তর কুমিল্লা নিয়ে প্রপার কাজ সম্পন্ন করলে কুমিল্লার কাঙ্খিত উন্নয়ন সম্ভব।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার মতো সুন্দর শহর এদেশে ছিলো না। এখন কুমিল্লায় আমরা একটা দুর্বিষহ অবস্থায় আছি। এ শহর পচে গেছে। এটাকে শহর বলা অন্যায় হবে। শহরে ঢুকতে এবং বেরহতে বিপজ্জনক অবস্থা হয়েছে। এসব নিয়ে হতাশ হয়ে বসে থাকার সুযোগ নেই। আমি এই বৃদ্ধ বয়সে কিছু করতে চেয়েছি। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সকল সরকারী দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কুমিল্লার যে নতুন দিগন্ত দেখছেন সেটা ছিলো এক বিস্তীর্ণ জলাশয়। কুমিল্লার মানুষ এক সময় দরিদ্রে নিমজ্জিত ছিলো। আখতার হামিদ খান এসে এ অঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে আসলেন। সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে তিনি এ অঞ্চলে সমবায়, কেটিসিসি, বার্ড প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, দেশ একটা সংকটে ছিলো, সংকট উত্তরণে নির্বাচিত সরকারের কোন বিকল্প ছিলো না। নানা চড়াই উৎরাই পেরিয়ে আজ দেশে একটি নির্বাচিত সরকার এসেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান এ জাতিকে একটি নির্বাচনে নিয়েছে এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্মরণকালের সেরা নির্বাচন হয়েছে। এ নির্বাচনে সরকার, প্রশাসনসহ সবাই সহযোগিতা করেছে।

দপ্তর প্রধানদের উদ্দ্যেশ্য করে বলেন, আপনারা জানেন দেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সংকটে ছিলো। এখন একটি দীর্ঘমেয়াদি ট্রেনে উঠেছে, সবার সহযোগিতা দরকার। জাতির সংকট সম্পর্কে আপনারা অবগত। প্রতিটা দপ্তরের সমস্যা সমূহ চিহ্নিত করেন, সমস্যা সমাধানে কাজ করেন। শুরুটা আপনাদের করে যেতে হবে।

মনিরুল হক চৌধুরী বলেন, আলেখারচর বিরতি থেকে মিয়াবাজার পর্যন্ত দুর্ঘটনাপ্রবন এলাকা। সড়ক বিভাগের ভুল ডিভাইডারের কারনে এগুলো মানবসৃষ্ট ফাঁদ। একটা আন্ডারপাস নাই, ওভারপাস নাই। মহাসড়কের এই অংশ টা মরণফাঁদ। সড়ক বিভাগ, সরকার মিলে যদি এটা সমাধান না করতে পারে তাহলে আর হবে না। আমি প্রস্তাব নিয়ে আসছি, আপনারা সেটা অনুযায়ী কাজ করেন। মন্ত্রণালয় থেকে কাজ বের করে আনার দায়িত্ব আমার। আপনারা কাজ করেন, আপনাদের সাথে জনগণে আছে। সরকার কিভাবে সাথে থাকবে এটাও আমি দেখবো।

তিনি বলেন, সদর দক্ষিণ উপজেলা আমি প্রতিষ্ঠা করেছি। ২০০৮ এ এসে ১/১১ সরকারের এক উপদেষ্টা গায়ের জোড়ে সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ আসন বাতিল করে দিলো। লোটাস কামাল এই উপজেলাকে দুটি ভাগ করেছে। ভুয়া কাগজপত্র দেখিয়ে লালমাই উপজেলা করেছে। এটা নিয়ে মামলা হইছে, হাইকোর্ট এ উপজেলা অবৈধ ঘোষণা করেছে। কিন্তু কোর্টের রায় সত্ত্বেও উপজেলা কার্যক্রম চলছে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আরও বলেন, সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির জন্য ৩ বার আবেদন হয়েছে, কিন্তু বিষয়টি ঝুলে আছে। সিটি করপোরেশন বৃদ্ধি হলে হাইকোর্টের রায় অনুযায়ী লালমাই উপজেলা বিলুপ্ত করে সদর দক্ষিণ উপজেলার সাথে একীভূত করা হবে। একইভাবে দুর্গাপুর উত্তর ও দক্ষিণ উপজেলাকে সিটি করপোরেশন নিয়ে ময়নামতি, মোকাম ভারেল্লা এ তিনটি ইউনিয়নকে আদর্শ সদর উপজেলায় যুক্ত করা হবে। এগুলো পূর্বে কোতোয়ালিতে ছিলো।

পদুয়ারবাজারের সাপ্তাহিক বাজারকে রাস্তা থেকে সরিয়ে পাশে ফিশারিজের খাস জমিতে নেয়ার তাগিদ দেন। সড়কে কোন বাজার বসানো যাবে না বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানরা।

আরও পড়ুন