
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা টাউনহল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা। কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি কারিগরি, ভোকেশনাল এডুকেশন ও ট্রেইনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) এ মেলার আয়োজন করেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী এমপি বলেন, “কারিগরি শিক্ষা নির্ভর শিক্ষানীতি জাতির জন্য প্রয়োজন।” তিনি বলেন, “আজকের জেনারেশন আগুনের গোলা, তাদের সঠিকপথে পরিচালিত করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন সমস্ত ক্ষেত্রে নাম করবে।”
তিনি আরও বলেন, “আগামি নভেম্বরে আমরা সারা কুমিল্লাবাসী একত্রিত হবো দি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে। সেখানে এক নাম্বারে রয়েছে কারিগরি শিক্ষা পদ্ধতি।”
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করে তিনি তাদের প্রশংসা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, “পোলাতো নয় যেন আগুনের গোলা, মেয়েতো নয় ওরা আগুনের গোলা।” তিনি আরও বলেন, “তারেক রহমান যতদিন আছেন দেশ বিপথগামী হবেনা, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর যে সিদ্ধান্ত হয়েছে তা খুবই সম্ভাবনাময়।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
‘বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক ও উপসচিব কাজী ফারুক আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা টাউনহল সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তার হোসেন, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC