
নিজস্ব প্রতিবেদক
কারাবন্দিদের আদালতে আনা-নেওয়ার সময় এবং কারাগারের অভ্যন্তরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত সন্দেহভাজন ৫০ জন কারারক্ষীকে তলব করেছে কারা অধিদপ্তর।
দাপ্তরিক বিধি-নিষেধ উপেক্ষা করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কারাগারের ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রকাশের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও কারাগারের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছে কর্তৃপক্ষ।
তলবকৃত নারী ও পুরুষ কারারক্ষীরা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ এবং কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।
কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাদের বিরুদ্ধে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে।
কারা অধিদপ্তরের কারা গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, সামাজিক মাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য প্রকাশ করেছেন। এসব কর্মকাণ্ড কারাগারের নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারের ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। ধাপে ধাপে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC