
রাইজিং কুমিল্লা ডেস্ক
কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
মঙ্গলবার সকাল ১০টার পর শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতেই শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানিতে ডুবে যায়।
বিশেষ করে কান্দিরপাড়ের জিলা স্কুল রোড, চকবাজার, টমছমব্রিজ, বাগিচাগাও, আদালত সড়ক, মগবাড়ি চৌমুহনী, পুলিশ লাইন, রেসকোর্স, এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। অনেক দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সড়কে পানি জমে থাকায় অনেক যানবাহন বিকল হয়ে মাঝপথে আটকে পড়তে দেখা গেছে।
পথচারীদের অনেকেই পানিতে ভিজে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক খাদিজা আক্তার বলেন, “সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বাগিচাগা বাসা থেকে বের হয়ে জেল খানা রোডে এসে দেখি পুরো রাস্তা পানিতে ডুবে গেছে। খুব কষ্ট করে স্কুলে যেতে হয়েছে।”
আরেক পথচারী আরিফুল ইসলাম বলেন, “ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই এই জলাবদ্ধতা। বছরের পর বছর কাজ হলেও এর কোনো কার্যকর ফল আমরা পাচ্ছি না।”
ছাতিপট্টি এলাকার এক ব্যবসায়ী বলেন, “কয়েক ঘণ্টার বৃষ্টিতেই দোকানের ভেতরে পানি ঢুকে গেছে।”
অটোরিকশাচালক রুহুল আমিন জানান, “শহরের বেশিরভাগ সড়ক পানির নিচে। রিকশা চালানো প্রায় অসম্ভব হয়ে গেছে।”
নগরবাসীর অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশনের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত নগরায়ণ এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না করার কারণেই সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অধিক বৃষ্টিতে ড্রেন ও খালে পানি প্রবাহ ধীর গতির কারণে রাস্তায় পানি জমে যায়। সিটি করপোরেশনের কর্মীরা পানি অপসারণে কাজ করছে। যেসব এলাকায় ময়লা ও পলিথিনে পানি চলাচলের রাস্তাবন্ধ সেসব এলাকায় তা পরিস্কার করে পানির গতিপ্রবাহ ঠিক করে দেওয়া হচ্ছে। জলাবদ্ধতানিরসনে ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC