
রাইজিং ডেস্ক
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে এক রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে আমিনপুরের নতুন বাজার গোরস্থানে এ ঘটনা ঘটে।
আজ বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
এ বিষয়ে চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।
আরেক স্বজন জাহিদ হাসান বলেন, ‘এত দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলে মানুষের লাশেরও নিরাপত্তা নেই।’
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ কঙ্কালের হদিস না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, কঙ্কালগুলো চুরি হয়েছে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবরগুলি খোঁড়া দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC