
বিনোদন ডেস্ক

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, যিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে একজন প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার এই ঈর্ষণীয় সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং কঠিন সময়ের গল্প।
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাশমিকা নিজেই সেই গোপন অধ্যায়ের কথা প্রকাশ করেছেন, যা তার অনুরাগীদের গভীরভাবে ছুঁয়ে গেছে।
সম্প্রতি একজন অনুরাগী রাশমিকার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রশ্ন করেন, "আপনি কী করেন যখন জীবনের সবচেয়ে খারাপ সময় আসে? যখন সবকিছু ভুল মনে হয়, বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যায়... তখন কীভাবে সামলান নিজেকে?"
এই প্রশ্নের উত্তরে রাশমিকা খোলাখুলি জানান, তিনিও একসময় জীবনের কঠিনতম পর্যায়ের মুখোমুখি হয়েছিলেন। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেই আবেগঘন গল্প ভাগ করে নেন তিনি। রাশমিকা লেখেন, "আপনি শুধু শ্বাস নিন। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন। বিশ্বাস রাখুন, এই দিনটাও পেরিয়ে যাবে। পরদিন আবার একইভাবে দিনটাকে সামলান। একদিন দেখবেন, আপনি অনেক ভালো অনুভব করছেন। তখন নিজেকে নিয়েই গর্ব হবে। এই কঠিন সময়টাকে পেরিয়ে এসেছেন বলে।"
এদিকে, সম্প্রতি রাশমিকার কয়েকটি ছবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। প্রশ্ন উঠেছে, তিনি কি তবে নিজের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডাকে আড়াল করছেন?
রাশমিকা সম্প্রতি চমৎকার একটি শাড়ি পরা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "এই ছবিগুলোতে আছে আমার সব প্রিয় জিনিস... রং, পরিবেশ, জায়গাটা, শাড়ি যিনি উপহার দিয়েছেন, ফটোগ্রাফার। সবকিছুই আমার জন্য অমূল্য।"
এই পোস্টের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই ধারণা করছেন, ছবিগুলো বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে তোলা হয়েছে। কারও কারও দাবি, ছবির ফটোগ্রাফারও নাকি বিজয় নিজেই! এমনকি, এই সুন্দর শাড়িটি বিজয়ের মা রাশমিকাকে উপহার দিয়েছেন বলেও অনেকে মনে করছেন। যদিও এই বিষয়ে বিজয় বা রাশমিকা কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, রাশমিকা মান্দান্নাকে এরপর দেখা যাবে ধানুশ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে 'কুবেরা' সিনেমায়। চলতি বছরের জুনেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC