
রাইজিং কুমিল্লা ডেস্ক

কক্সবাজার সফরের শুরুতেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সদর উপজেলার পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খালটির পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সফরের সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জানা যায়, ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পিএমখালীর পাতলী খাল সেই ঐতিহাসিক উদ্যোগের অন্যতম নিদর্শন। ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান নিজে এই খাল খনন কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়েছিলেন।
এদিকে, দেশের জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারি সূত্র জানায়, প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC