
রাইজিং কুমিল্লা ডেস্ক
ইসলামে উত্তরাধিকার সম্পত্তির বণ্টন নিয়ে কোনো অস্পষ্টতা নেই। পবিত্র কোরআনে প্রত্যেক উত্তরাধিকারীর প্রাপ্য অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে নারী-পুরুষ উভয়ের অধিকার স্বীকৃত। কিন্তু বাস্তবে পারিবারিক সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে অনেক নারী ও দুর্বল ওয়ারিশকে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার ঘটনা দেখা যায়। ইসলামের দৃষ্টিতে এটি শুধু পারিবারিক অবিচার নয়, বরং গুরুতর গুনাহ এবং অন্যের হক আত্মসাৎ করার শামিল।
পবিত্র কোরআনের সুরা নিসার ৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, পিতা-মাতা ও নিকটাত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের যেমন নির্ধারিত অংশ রয়েছে, তেমনি নারীদেরও অংশ রয়েছে। সম্পদের পরিমাণ কম হোক কিংবা বেশি—প্রত্যেকের প্রাপ্য অংশ নির্ধারিত।
এ আয়াতের মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকারকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। ফলে কন্যাসন্তান, বোন কিংবা অন্য কোনো নারী ওয়ারিশকে তাঁর প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলামে নেই।
সুরা নিসার ১৩ ও ১৪ নম্বর আয়াতে উত্তরাধিকার বণ্টনের বিধানকে আল্লাহর নির্ধারিত সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব বিধান মেনে চলার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। অন্যদিকে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অমান্য করে এসব সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম ও লাঞ্ছনাদায়ক শাস্তির সতর্কবার্তা রয়েছে।
শুধু উত্তরাধিকার সম্পত্তিই নয়, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল বা ভোগ করার বিষয়েও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে ইসলাম। সুরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।’
অর্থাৎ প্রতারণা, জবরদখল, প্রভাব-প্রতিপত্তি কিংবা কৌশলের আশ্রয় নিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করা ইসলামের বিধানের পরিপন্থী। উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।
এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের কাছে জানতে চান, প্রকৃত নিঃস্ব ব্যক্তি কে? সাহাবিরা উত্তরে বলেন, যার কোনো অর্থসম্পদ নেই, সে-ই নিঃস্ব।
তখন নবীজি (সা.) ব্যাখ্যা করেন, প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের মতো আমল নিয়ে উপস্থিত হবে; অথচ দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারও বিরুদ্ধে অপবাদ দিয়েছে, কারও সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে কিংবা কাউকে শারীরিকভাবে আঘাত করেছে। এসব ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা তার নেকি থেকে পরিশোধ করা হবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮১)
ইসলামের এসব নির্দেশনা অনুযায়ী, উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে প্রত্যেক ওয়ারিশের ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পারিবারিক সম্পর্ক, সামাজিক প্রভাব কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে কারও প্রাপ্য অংশ আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাই উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের সময় কোরআন ও সুন্নাহর নির্দেশনা মেনে প্রত্যেকের প্রাপ্য বুঝিয়ে দেওয়া উচিত। কারণ অন্যের হক নষ্ট করে দুনিয়ায় সম্পদের মালিক হওয়া গেলেও পরকালে সেই অধিকারের হিসাব থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC