
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় লাল কাপড়ের পোশাক ও মাথায় জটা নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মো. মহসিন। একসময় তিনি ছিলেন উচ্চশিক্ষিত, শিক্ষকতা ও আইন পেশার সঙ্গে যুক্ত একজন সাধারণ মানুষ। কিন্তু কয়েক বছর আগে হঠাৎ করেই বদলে যায় তার জীবন।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন-এর শ্রীরামপুর নবারুন একাডেমি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ওকালতি করতেন মো. মহসিন। পড়াশোনা শেষ করে স্থিতিশীল ও সংসারী জীবন গড়ে তুলেছিলেন তিনি। আশপাশের মানুষও তাকে চিনতেন একজন সাধারণ, শিক্ষিত ও কর্মজীবী মানুষ হিসেবে।
তবে কয়েক বছর আগে আচমকাই সেই জীবন থেকে সরে গিয়ে তিনি হাজির হন একেবারে ভিন্ন রূপে—একজন আধ্যাত্মিক সাধু হিসেবে। খুব কাছের মানুষ ছাড়া তাকে দেখে এখন আর কেউ সহজে বুঝতেই পারবেন না যে, মাত্র কয়েক বছর আগেও তিনি ছিলেন আট-দশজন সাধারণ মানুষের মতোই একজন।
উন্নত ও সংসারী জীবন ছেড়ে এখন তিনি হয়ে উঠেছেন এক ধরনের ফকির। মাজারে কিংবা মানুষের কাছ থেকে যা পান, তাই দিয়েই চলছে তার জীবন। নির্লোভ ও সরল জীবনযাপনেই যেন তিনি খুঁজে পেয়েছেন নিজের পথ।
মাজারে মাজারে ঘুরে বেড়ানো এই মানুষটির ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ তার এই নতুন জীবনকে সাধুবাদ জানাচ্ছেন, আবার কেউ কেউ এর পেছনে রহস্য আছে কি না—সেই প্রশ্নও তুলছেন। তবে এসব আলোচনা-সমালোচনার বাইরে থেকে মো. মহসিন নীরবে নিজের মতো করেই জীবন কাটিয়ে যাচ্ছেন।
বর্তমানে উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়ন-এর বাসিন্দা মো. মহসিন এখন পুরোপুরি সাধুর জীবনধারায় অভ্যস্ত। তিনি খুব কম কথা বলেন। স্থির ও বিজ্ঞ পণ্ডিতের মতো নীরবে চলাফেরা করেন। তার সঙ্গে তেমন কোনো সঙ্গী-সাথীও দেখা যায় না।
এমনকি তার মধ্যে অতিরিক্ত ভক্তি প্রদর্শন বা সবজান্তা ধরনের কোনো আচরণও নেই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC