
রাইজিং ক্যাম্পাস
এসএসসি পরীক্ষা-২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, সারাদেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৫৬ হাজার ১৫৮টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৫৫ হাজার ২৫৯টি খাতায় নম্বর পরিবর্তন করা হয়েছে।
কুমিল্লা বোর্ডে পরিবর্তন
কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন।
আবেদনকারীদের মোট ৯১ হাজার ৪৯৪টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২ হাজার ১৫৫ জন শিক্ষার্থীর গ্রেড এবং ৪ হাজার ৭০ জনের নম্বর পরিবর্তন হয়েছে।
পুনর্নিরীক্ষণের পর কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে ৩৩৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। পাশাপাশি ২০৭ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
অন্যান্য বোর্ডের চিত্র
ঢাকা শিক্ষা বোর্ডে ৩৩৭ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৯০৬ জন। রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১১১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন।
যশোর বোর্ডে ৩৮০ জন ফেল থেকে পাস ও ১৮২ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৯০ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন।
বরিশাল বোর্ডে ৭৯ জন ফেল থেকে পাস ও ১১২ জন জিপিএ-৫ পেয়েছেন। সিলেট বোর্ডে ১৮৬ জন ফেল থেকে পাস এবং ১২১ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৭৫ জন। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে বেশি ১ হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছেন। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৭৭ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন ফেল থেকে পাস এবং ২৯৩ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC