
রাইজিং কুমিল্লা ডেস্ক
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। পরীক্ষাকে সামনে রেখে প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করছে শিক্ষা বোর্ডগুলো। এরই অংশ হিসেবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে।
বোর্ডের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংশ্লিষ্ট কেন্দ্রসচিবদের কাছে হস্তান্তর করা হবে। এ সময়সূচি কঠোরভাবে মেনে চলার জন্য বোর্ডের আওতাধীন সকল এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবরা প্রবেশপত্র গ্রহণ করবেন। আর ৬ এপ্রিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার সচিবদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে।
কেন্দ্রসচিবরা প্রবেশপত্র সংগ্রহের পর ৭ এপ্রিলের মধ্যে তা নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করবেন।
বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রসচিব নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিনিধির কাছে কোনো অবস্থাতেই প্রবেশপত্র দেওয়া হবে না।
প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রতিটি প্রবেশপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নিতে হবে।
এ বিষয়ে বোর্ড জানিয়েছে, কোনো ভুল ধরা পড়লে ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন জমা দিতে হবে।
শিক্ষা বোর্ড আরও সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করা হলে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকেই বহন করতে হবে। আবেদনপত্রে ভুল ও সঠিক তথ্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে সংশোধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
মূলত পরীক্ষার আগে কোনো ধরনের জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই আগাম সতর্কবার্তা দিয়েছে বোর্ড।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC