
বিনোদন ডেস্ক

বিনোদন জগতের ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি নতুন এক পরিচয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে। অভিনয় ও মডেলিংয়ের পর এবার সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ তার ক্যারিয়ারে যুক্ত করেছে নতুন মাত্রা।
তাসনিয়া ফারিণ মূলত টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নাটকের কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। বর্তমানে তার মনোযোগ বেশি বড়পর্দার দিকে।
এবার তিনি অভিনয় করছেন নতুন চলচ্চিত্র ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে। সিনেমাটিতে তিনি ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। চলচ্চিত্রটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং ইতোমধ্যে এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে।
এর আগে কলকাতার একটি সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল তাসনিয়া ফারিণের। যদিও সেটি ছিল বিদেশি প্রযোজনার চলচ্চিত্র। ফলে এবার ঈদের সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দেশের চলচ্চিত্রে বড়পর্দায় তাকে দেখতে পাবেন দেশীয় দর্শকরা।
নিজ দেশের সিনেমায় অভিষেকেই জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে তাসনিয়া ফারিণের চলচ্চিত্র যাত্রা যে ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে, তা বলাই যায়।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, “আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে আমার চরিত্রে কতটা গুরুত্ব আছে সেটির দিকে নজর দিই। বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমাতেও নতুন কিছু পাওয়া যাবে কি না, সেটি মাথায় রেখেই কাজটি করেছি। আশা করছি, ঈদে দর্শকরা হলে এসে আমার অভিনয় উপভোগ করবেন।”
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় তাসনিয়া ফারিণের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন সিনেমাপ্রেমীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC