
রাইজিং স্পোর্টস
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে নিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জার্মানি। তবে পারফরম্যান্স এখনও পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। তাই বিশ্বকাপের আগে জার্মান জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে—এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, জার্মান অধিনায়ক যোশুয়া কিমিখই হতে পারেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। বায়ার্ন মিউনিখের এই তারকা ডানপ্রান্তের রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেতৃত্ব, অভিজ্ঞতা এবং বহুমুখী দক্ষতার কারণে বিশ্বকাপে জার্মানির সাফল্য অনেকটাই নির্ভর করতে পারে তার পারফরম্যান্সের ওপর।
তবে কিমিখ একাই নন, আলোচনায় রয়েছেন আরও কয়েকজন তারকা। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ারের ওপরও বড় দায়িত্ব থাকবে। একইসঙ্গে আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্টজকে দলের প্রধান গোলদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শ্লটারবেক এবং বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার আলেকসান্দার পাভলোভিচকেও জার্মানির সম্ভাব্য সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।
জনপ্রিয়তার বিচারে অবশ্য সবার চেয়ে এগিয়ে রয়েছেন কিমিখ। বিশ্বকাপকে সামনে রেখে জার্মান সাময়িকী প্লেবয় পরিচালিত এক জরিপে পাঠকদের জিজ্ঞাসা করা হয়, জাতীয় দলের কোন খেলোয়াড়ের সঙ্গে তারা সবচেয়ে বেশি একসঙ্গে বসে বিয়ার পান করতে চান।
জরিপে ১৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে ছিলেন যোশুয়া কিমিখ। দ্বিতীয় স্থানে থাকা ভিএফবি স্টুটগার্টের স্ট্রাইকার দেনিজ উনদাভ পেয়েছেন ১২ দশমিক ৫ শতাংশ ভোট। আর তৃতীয় স্থানে থাকা জামাল মুসিয়ালার পক্ষে ভোট দিয়েছেন ১২ শতাংশ অংশগ্রহণকারী।
উল্লেখ্য, ২০২৪ সালে ইলকাই গুন্ডোগান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর জার্মান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান ৩১ বছর বয়সী কিমিখ। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১০৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১০ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৮টি গোল।
বিশ্বকাপের মঞ্চে জার্মানির সাফল্য নির্ধারণে একাধিক তারকার ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে যোশুয়া কিমিখকে অনেকেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC