
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় আরও সুসংহত করতে গঠিত আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটিতে সদস্য হয়েছেন কুমিল্লার সন্তান ও দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বুধবার (১১ আগস্ট) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যের এ উপ-কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে গঠিত কমিটির প্রধান করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
কমিটিতে নাভিদ নওরোজ শাহ ছাড়াও রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, মাহবুব আলম মাহির, মনিরা শারমিন, এ.এস.এম. সুজা উদ্দিন, রাফে সালমান রিফাত, আয়মান রাহাত, তৌহিদ হোসেন, এ.কে. ফ্লোরা হক, মনজিলা ঝুমা, আশরেফা খাতুন ও তৌহিদ আহমেদ আশিক। কমিটির প্রত্যেক সদস্যই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।
নাভিদ নওরোজ শাহ গত সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন এবং শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলেন। পরবর্তীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠিত হলে তিনি কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
দলীয় সূত্রে জানা যায়, গত দেড় বছর ধরে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে এনসিপির কূটনৈতিক ও আন্তর্জাতিক যোগাযোগ তৈরিতে কাজ করছেন নাভিদ নওরোজ শাহ।
উল্লেখ্য, নাভিদ নওরোজ শাহ যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি এনজিওতে আইন পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের উপ-পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এনসিপি জানিয়েছে, নতুন এই উপ-কমিটির মাধ্যমে দলের আন্তর্জাতিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় আরও কার্যকর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC