
মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ দেশে দাম বাড়ে সবকিছুর, কমে শুধু মানুষের বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফাই ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে এ কথা জানান তিনি।
ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসের কমেন্টে তিনি লেখেন, ‘ঈদের আগে দুই লঞ্চের সংঘর্ষে ঘরমুখো যাত্রীদের পিষ্ট হওয়ার নির্মম দৃশ্য ও কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে প্রাণহানির দৃশ্য এখনো স্মৃতিতে ভাসছে। তার মধ্যে বুধবার (২৫ মার্চ) দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নদীতে পড়ে সংঘটিত দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন অনেক যাত্রী।’
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারি লেখেন, ‘এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। এই দৃশ্যগুলো দেখতে আর ভালো লাগে না। এই দেশে জীবনের যেন কোনো মূল্য নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ দেশে দাম বাড়ে সবকিছুর। কমে শুধু মানুষের।’
তিনি আরও লেখেন, ‘দেশের প্রতিটি জেলায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। সব অব্যবস্থাপনা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
সর্বশেষ আজহারি লেখেন, ‘আল্লাহ তায়ালা এ দুর্ঘটনায় নিহতদের ক্ষমা করুন, জান্নাত দান করুন এবং তাদের আত্মীয়স্বজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন।’
প্রসঙ্গত, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের ওই বাসটিতে ৪৫ থেকে ৫০ জনের মতো যাত্রী ছিলেন।









