
রাইজিং কুমিল্লা ডেস্ক
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। আগে এ সীমা ছিল ২ হাজার ডলার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে একবারে বিক্রির সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তাঁর ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারেও বিক্রি করা যাবে।
আগের নিয়মে একজন ভ্রমণকারী মানি চেঞ্জারের কাছ থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার নগদ নিতে পারতেন। নতুন সিদ্ধান্তে সেই সীমা ১ হাজার ডলার বাড়িয়ে ৩ হাজার ডলার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে ভ্রমণকারীরা বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি ব্যক্তিগত ভ্রমণ কোটার আওতায় মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC