
ফুটবল বিশ্বে ‘সেভেন আপ’ নামটি শুনলেই মনে পড়ে ২০১৪ বিশ্বকাপের সেই ঐতিহাসিক সেমিফাইনালের কথা, যেখানে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হার দেখেছিল ব্রাজিল। এক যুগ পর সেই স্কোরলাইন আবারও ফিরল আলোচনায়। এবার কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নতুন ইতিহাস গড়েছে জার্মানি।
রোববার রাতে হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জুলিয়ান নাগেলসমানের দল। যদিও ম্যাচের ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোল কুরাসাওকে সাময়িকভাবে সমতায় ফেরায়, তবে এরপর আর কোনো সুযোগ দেয়নি জার্মানরা।
জয়ের নায়ক ছিলেন কাই হাভার্টজ। জোড়া গোল করা এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি জার্মানিকে এনে দেয় এক অনন্য রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে এখন শীর্ষে উঠে এসেছে জার্মানি।
নতুন হিসাব অনুযায়ী, বিশ্বকাপ ইতিহাসে জার্মানির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। দীর্ঘদিন শীর্ষে থাকা ব্রাজিল এখন ২৩৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা (১৫২), চতুর্থ ফ্রান্স (১৩৬) এবং পঞ্চম ইতালি (১২৮)।
আরও একটি অনন্য কীর্তি গড়েছে জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে তারা চারবার কোনো ম্যাচে সাত বা তার বেশি গোল করার নজির স্থাপন করেছে। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে সেই স্মরণীয় ৭-১ জয়ে।
২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার সম্পূর্ণ ভিন্ন রূপে ফিরেছে। তরুণ কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে এবং শিরোপা প্রত্যাশীদের তালিকায় নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে।
অন্যদিকে, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাও শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জার্মান আক্রমণের সামনে টিকতে পারেনি। ৭-১ গোলের বড় জয়ে নিজেদের শক্তিমত্তার বার্তা আবারও ফুটবল বিশ্বকে জানিয়ে দিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।










