বুধবার ২৫ মার্চ, ২০২৬

এক বছরে সব শিক্ষকের হাতে ট্যাব দেওয়ার পরিকল্পনা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Plan to provide tabs to all teachers within a year
এক বছরে সব শিক্ষকের হাতে ট্যাব দেওয়ার পরিকল্পনা

দেশের শিক্ষা খাতকে আধুনিক, সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এই কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনতে একাধিক নতুন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে—

  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ
  • বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা
  • সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ
  • ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

এছাড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ সুবিধা এবং হাফেজে কুরআনদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

শিক্ষক প্রশিক্ষণে জোর

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দ্রুত নিরসনের নির্দেশ দেন মন্ত্রী। প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে সব শিক্ষকের প্রশিক্ষণ নিশ্চিত করতে বলা হয়। পাশাপাশি জাতীয়করণকৃত ৫০ বছরের ঊর্ধ্ব শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। পরবর্তীতে এই সুবিধা দেশের সব প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা এবং স্কুল-কলেজের সব শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শহীদ ও আহতদের সন্তানদের জন্য শিক্ষা

গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

মেধা বিকাশে নতুন কর্মসূচি

শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালু করার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা এবং বিতর্ক ক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাস্তবায়নে গুরুত্ব

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, এই কর্মসূচি দেশের মানুষের কল্যাণ ও তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন