
রাইজিং কুমিল্লা ডেস্ক
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিকমাধ্যম এক্স (সাবেক টুইটার) নতুন একটি স্বতন্ত্র মেসেজিং অ্যাপ চালু করেছে। ‘এক্সচ্যাট’ নামের এই অ্যাপটি শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
নতুন অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। শুধু টেক্সট মেসেজিং নয়, এতে রয়েছে ফাইল শেয়ারিং, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের মতো আধুনিক সুবিধা।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি এক্সের বৃহৎ কৌশলগত পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি সামাজিকমাধ্যমের সীমা ছাড়িয়ে মেসেজিং, পেমেন্টসহ বহুমুখী সেবা চালু করতে চায়। এর আগে ইলন মাস্ক এক্সকে ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন এই উদ্যোগ সেই পরিকল্পনার ভিন্ন এক দিক নির্দেশ করছে বলেও মনে করছেন অনেকে।
এর আগে সীমিত সংখ্যক ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। ব্যবহারকারীদের মতামত বিবেচনায় নিয়ে অ্যাপটি উন্নত করে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
এক্সচ্যাটে গোপনীয়তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা। এছাড়া স্ক্রিনশট ব্লক এবং নির্দিষ্ট সময় পর বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারও যুক্ত করা হয়েছে।
তবে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে। কিছু বিশেষজ্ঞের মতে, জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ সিগন্যাল-এর তুলনায় এক্সচ্যাট এখনও কম নিরাপদ হতে পারে। ফলে সময়ের সঙ্গে এর নিরাপত্তা কতটা উন্নত হয়, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে এক্সচ্যাট শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC