
রাইজিং কুমিল্লা ডেস্ক
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির আবেদন আগামী ১ অক্টোবর পর্যন্ত করা যাবে।
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সময় বাড়ানোর কারণে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশের সময়ও কিছুটা পিছিয়ে যেতে পারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তাদের বৈঠকে সোমবার সকালে বিষয়টি চূড়ান্ত করা হয়। শিগগিরই এ বিষয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এর আগে দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা ছিল ২৭ ও ২৮ সেপ্টেম্বর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
সময়সীমা বাড়ানোর কারণ ব্যাখ্যা করে অধ্যাপক মুনসী হুমায়ুন কবির বলেন, প্রায় তিন লাখ শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তির বাইরে রয়েছে। প্রথম ধাপে অনেক শিক্ষার্থী আবেদন করেনি। আবার কেউ কেউ আবেদন করলেও পরে নিশ্চয়ন করেনি কিংবা শেষ পর্যন্ত ভর্তি হয়নি।
তিনি বলেন, এত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ভর্তির বাইরে রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ কারণেই শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ আরও কিছুটা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ধাপের আবেদন শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আরও তিন দিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC