
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিচ্ছে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনী মাঠে থাকবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোট ২৭০টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বর্তমানে ২৬৮টি আসনে দলের প্রার্থীরা মাঠে কাজ করছেন এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করবেন না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় নির্বাচনে যাচ্ছে না।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন সমঝোতার মাধ্যমে ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করে। ওই ঘোষণায় জানানো হয়, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়।
তবে ওই সময় তিনটি দলের আসন ঘোষণা করা হয়নি। ঘোষণার বাইরে থাকা দলগুলো ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC