
রাইজিং স্পোর্টস

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বৈবাহিক জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা নেতিবাচক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার ইমাম-উল-হক। ব্যক্তিগত জীবন সম্পর্কে না জেনে ভিত্তিহীন মন্তব্য না করতে নেটিজেনদের প্রতি কড়া বার্তা দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ঘটনার সূত্রপাত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে।
সম্প্রতি ইমাম একটি পোস্টে মজা করে লিখেছিলেন— ‘এই প্রজন্মের কাছে বিয়ে সত্যিই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এর পরপরই নেটিজেনদের একটি বড় অংশ ধারণা করতে শুরু করেন, তার সংসারে হয়তো বিচ্ছেদ বা কোনো বড় ধরনের সমস্যা চলছে। এমনকি কেউ কেউ দাবি করেন, তিনি তার স্ত্রীকে সামাজিক মাধ্যমে আনফলো করে দিয়েছেন।
গুজব দ্রুত ছড়িয়ে পড়লে রোববার (৫ এপ্রিল) রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন ইমাম। তিনি জানান, “আপনারা আমার সেই পোস্টটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। স্পষ্ট করে বলছি, আমার সাম্প্রতিক পোস্টটি ছিল সামাজিক মাধ্যমে আমাদের চারপাশের পরিস্থিতির ওপর একটি সাধারণ পর্যবেক্ষণ মাত্র। এটি আমার নিজের বিয়ে নিয়ে কোনো মন্তব্য ছিল না।”
নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আমার দিক থেকে সবকিছু একদম ঠিক আছে। পরের বার দয়া করে কোনো নিশ্চিত তথ্য ছাড়া অনুমান বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে অভিনেত্রী আনমোল মেহমুদ-কে বিয়ে করেন ইমাম। চলতি বছরের জানুয়ারিতে তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান, যার নাম রাখা হয়েছে ইনারা হক।
মাঠের পারফরম্যান্সেও ইমাম-উল-হকের রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি এখন পর্যন্ত ২৬টি টেস্ট, ৭৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে ৪২.২৬ গড়ে ৪৮৬০ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ১২টি সেঞ্চুরি। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC