
আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিলম্ব ফি প্রদান সাপেক্ষে শিক্ষার্থীরা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফিসহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণ এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে বুধবার (২১ এপ্রিল) এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এছাড়া সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।









