
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ফের পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার এইচএসসি ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
এর আগে এই ফরম পূরণের তারিখ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড আরও দুই দফা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তবে সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আগের সিদ্ধান্ত সংশোধন করে নতুন সময়সূচি নির্ধারণ করা হলো।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।
এতে আরও জানানো হয়, নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের পরই এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ৪ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।









