
রাইজিং কুমিল্লা প্রতিবেদন

ঢাকা শিক্ষা বোর্ড আগামী এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর প্রশ্নপত্র সংক্রান্ত এক 'অতীব জরুরি' নির্দেশনা জারি করেছে। কেন্দ্র সচিবদের প্রতি দেওয়া এই নির্দেশনায় প্রশ্নপত্র যাচাই এবং সংরক্ষণে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (১৫ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা, তা যাচাই করে দেখতে হবে।
যদি কোনো সেটে প্রশ্নপত্র কম বা বেশি থাকে, তবে আগামী ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে। এই নির্দেশনাটিকে 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করে কেন্দ্র সচিবদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর আগে প্রকাশিত আরেকটি নির্দেশনায় প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার তিন দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখার কথা বলা হয়েছিল। পরীক্ষার দিন সকালে এসএমএসে প্রাপ্ত সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন করতে হবে।
অব্যবহৃত প্রশ্নপত্রের সেট কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে। প্রশ্নপত্র সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১০ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC