
রাইজিং কুমিল্লা ডেস্ক
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার পাঁচটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আলোকিত কলেজ থেকে তিনজন, ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন এবং লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
অন্যদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় মোট ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ হাজার ৬২৪ জন। জেলায় গড় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী।
জেলার সামগ্রিক ফলাফলের মধ্যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC