
নিজস্ব প্রতিবেদক
দেশের উপজেলা পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় কম খরচে ক্যানসার শনাক্তের সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসার স্ক্রিনিংয়ের মাধ্যমে এ সেবা সম্প্রসারণ করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এ সুবিধা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। তাই অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কাজ শুরু করা হচ্ছে। এ সময় তিনি স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন এবং দেশে স্বাস্থ্যবিমা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
চিকিৎসার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য সাধারণ মানুষকে নিজেদের পকেট থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এতে অনেকেই চরম আর্থিক সংকটে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
গর্ভকালীন সময়ে নারীরা যেন কোনো ধরনের হেনস্তার শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
নারীদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তর করা হবে। এসব কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় স্তন ও জরায়ুমুখের ক্যানসার পরীক্ষার ব্যবস্থা থাকবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় স্বল্প খরচে এ সেবা চালু করা হবে, যাতে নারীরা সহজেই প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ পান।
স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC