
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করীম। যার মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে নিয়মিত অবসরের বয়স পূর্ণ হলে যে তারিখটি আগে আসবে, সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন।
উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC