
“উপদেষ্টার বাড়ি থেকে কোটি টাকার বস্তা উদ্ধার” দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে।
রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি ২০২৪ সালে ঘটে যাওয়া একটি ভিন্ন ঘটনার।
এমন কিছু পোস্ট দেখুন এখানে।
ভাইরাল ভিডিওটি যাচাই করতে প্রথমে গুগল রিভার্স ইমেজ সার্চ এবং ভিডিও ফ্রেম অনুসন্ধান করা হয়। দেখা গেছে, ভিডিওটি ২০২৪ সালের নভেম্বরে উত্তরা-১১ নম্বর সেক্টরে পরিচালিত একটি অভিযানের।
প্রকৃত ঘটনা অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে।
সেই অভিযানে তার বাসা থেকে কোটি টাকা নগদ এবং ১১টি আইফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা পুলিশ মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করে।
সুতরাং, “উপদেষ্টার বাড়ি থেকে কোটি টাকার বস্তা উদ্ধার” দাবিটি সম্পূর্ণ মিথ্যা, তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।




