
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা ছয়টি গ্রাম পুনরায় সদর উপজেলায় অন্তর্ভুক্ত করার দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সদর উপজেলাকে বিভক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেললাইন এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা দেখা যায়। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ দুই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চয়তার মুখে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে ইউনিয়নটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশ করা হয়।
এ সিদ্ধান্তের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে দাবি জানালেও বিষয়টির কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।
এরই মধ্যে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। এ প্রস্তাব ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
অবরোধের প্রভাব পড়েছে রেল চলাচলেও। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে রয়েছে। এ ছাড়া নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারগামী বিরতিহীন আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটিকেও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করতে হবে।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি খাইরুল আলম। তিনি বলেন, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC