
রাইজিং কুমিল্লা ডেস্ক

বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যেই প্রবেশ করতে পারে শক্তিশালী একটি বৃষ্টিবলয়। এর প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা কয়েকদিন ভারী বৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (৯ মে) রাতে প্রকাশিত এক বিশেষ আবহাওয়া বার্তায় সংস্থাটি জানায়, আগামী ১২ বা ১৩ মে থেকে এই বৃষ্টিবলয় দেশের উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। সম্ভাব্য এই আবহাওয়া পরিস্থিতি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এসব অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে বৃষ্টিপাত টানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে দীর্ঘস্থায়ী বা বিস্তৃত আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব খুব একটা পড়বে না বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। যদিও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও সামান্য বজ্রবৃষ্টি হতে পারে, তবে তা বড় ধরনের আবহাওয়া পরিবর্তন ঘটাবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC