
রাইজিং ডেস্ক
রাশিয়ায় উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন কার্যকর করেছে দেশটি। রোববার (৭ জানুয়ারি) থেকে নতুন এই আইন কার্যকর হয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আইন অনুসারে কোনো দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তি যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন, তাহলেই তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া যিনি আবেদন করবেন তার স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি, নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তবে শর্ত হলো, তাদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করতে হবে।
এ ছাড়াও দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া একই শর্তের অধীনে।
প্রতিবেদনে আরও বলা হয় নতুন আইন অনুসারে কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় বিশেষ করে উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান, তবে তাকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে।
একইভাবে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলেও তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC