
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লার বিভিন্ন বাজারে বেড়েছে পোলাওয়ের চালের দাম। মানভেদে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে চাল। তবে প্রতিবছরের মতো এবার ঈদের আগে মসলার বাজারে তেমন অস্থিরতা দেখা যায়নি। আদার দাম কিছুটা বাড়লেও এলাচ, দারচিনি, জিরা, লবঙ্গ ও রসুনের দাম রয়েছে আগের অবস্থানে।
শুক্রবার (২২ মে) নগরীর বাদশা মিয়া বাজার, চকবাজার ও টমছমব্রিজ এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
তবে আবাসিক এলাকার ছোট দোকানগুলোতে তুলনামূলক বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ করেছেন ক্রেতারা। স্থানীয় বাজারগুলোতে বড় বাজারের তুলনায় প্রতি কেজি মসলায় ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দাম রাখা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আদা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় ২০ থেকে ৩০ টাকা বেশি। তবে পেঁয়াজ ও রসুনের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে।
বর্তমানে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা এবং আমদানি করা রসুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনের দাম আরও কমে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।
গরম মসলার বাজারও তুলনামূলক স্থিতিশীল রয়েছে। খুচরা বাজারে প্রতি ১০০ গ্রাম জিরা ৬০ থেকে ৭০ টাকা, এলাচ ৪৫০ থেকে ৫০০ টাকা, কালো এলাচ ৩৮০ থেকে ৪০০ টাকা, দারচিনি ৪৫ থেকে ৫০ টাকা, লবঙ্গ ১৩০ থেকে ১৫০ টাকা এবং গোল মরিচ ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাদশা মিয়া বাজারের মসলা ব্যবসায়ী মো. জসিম বলেন, “গত দুই বছরে ডলার সংকটের সময় মসলার দাম অনেক বেড়েছিল। এবার ঈদ সামনে থাকলেও গরম মসলার বাজার এখনো স্থিতিশীল আছে।”
এদিকে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। অধিকাংশ সবজি এখন ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শুধু গোল বেগুনের দাম কেজিতে ১০০ টাকা।
বাজারে করলা প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, পটল ৮০ টাকা এবং ঝিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, পেঁপে, চিচিঙ্গা ও ধুন্দুলও ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৬০ টাকা এবং ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম রয়েছে ১২০ টাকা কেজি।
চকবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রায়হান কবির বলেন, “গত সপ্তাহে প্রায় সব সবজির দাম ১০০ টাকার কাছাকাছি ছিল। এখন কিছুটা কমেছে, তবে সাধারণ মানুষের জন্য এখনও বাজার পুরোপুরি স্বস্তিদায়ক না।”
তিনি আরও বলেন, “বাজার মনিটরিং আরও জোরদার করা হলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো।”
টমছমব্রিজ এলাকার এখ সবজি বিক্রেতা বলেন, “এখন বাজারে সবজির সরবরাহ কিছুটা ভালো আছে বলে দাম কমেছে। তবে ঈদের সময় যানজট ও পরিবহন সমস্যার কারণে আবার দাম বাড়তে পারে।”
অন্যদিকে ডিমের বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি ডজন ফার্মের ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো দোকানে ১৫৫ টাকাও দাম চাওয়া হচ্ছে।
ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC