
স্বজনদের সঙ্গে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা করেছিলেন তারা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় গভীর বিষাদে। বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গেই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই সীমিত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক রিন্টু আগুনে পুড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






