
বিনোদন ডেস্ক

দেশেজুড়ে যখন একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার খবরে যখন চলচ্চিত্র অঙ্গন হতাশ, ঠিক তখনই নতুন প্রেক্ষাগৃহের উপহার দিল কুমিল্লা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার গোমতী টাওয়ারে চালু হচ্ছে আধুনিক সিনেপ্লেক্স ‘কে স্ক্রিন’।
গোমতী টাওয়ারের সপ্তম তলায় বিস্তৃত জায়গাজুড়ে নির্মিত এই সিনেপ্লেক্সে দর্শকদের জন্য রাখা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। বিনোদনের পাশাপাশি আরামদায়ক সময় কাটাতে থাকবে কফিশপ, পপকর্ন ও আইসক্রিমের ব্যবস্থা।
সবকিছু ঠিক থাকলে ঈদেই কয়েকটি নতুন চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ‘কে স্ক্রিন’। প্রদর্শিত হতে যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে প্রিন্স, দম, রাক্ষস, প্রেশার কুকার এবং বনলতা এক্সপ্রেস। পাশাপাশি সময় সময় গুণী নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের স্মরণে তাদের উল্লেখযোগ্য কাজের প্রদর্শনীর আয়োজনও করা হবে। দর্শকেরা এখানে বাছাই করা হলিউড, বলিউড ও ত্রি-মাত্রিক ছবিও উপভোগ করতে পারবেন।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেপ্লেক্সটি আধুনিক। এখানে ফোর-কে সিলভারস্ক্রিন প্রযুক্তির পাশাপাশি থাকছে ৫.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম এবং ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিশ্চিত করবে।
সিনেপ্লেক্সটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু বলেন, বর্তমান সময়ে অনেক দর্শক নিরাপত্তা ও পরিবেশজনিত কারণে প্রচলিত প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী হন না। দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই ‘কে স্ক্রিন’ চালু করা হচ্ছে। তিনি আরও জানান, এখানে দুটি হল থাকছে—একটির আসনসংখ্যা ২২৫ এবং অন্যটির ১৯৫।
অন্যদিকে ‘কে স্ক্রিন’-এর পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, কুমিল্লার দর্শকদের জন্য এটি ঈদের বিশেষ উপহার। অনেকদিন ধরেই এখানে আধুনিক সিনেপ্লেক্সের চাহিদা ছিল। উন্নত স্ক্রিন, সাউন্ড সিস্টেম ও নান্দনিক পরিবেশ দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।
তিনি আরও জানান, কুমিল্লায় দুটি হল দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে আরও ২৫টি শাখা চালুর পরিকল্পনা রয়েছে। আগামী কোরবানির ঈদের পর ধাপে ধাপে নতুন সিনেপ্লেক্স নির্মাণের কাজ শুরু হতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC