
রাইজিং কুমিল্লা ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যখন ঘরমুখো মানুষের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী ২০ ও ২১ মার্চ দেশে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এর আগে ও পরে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। ফলে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের আশঙ্কা বেশি।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সম্ভাব্য ঝড়ের প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে।
এদিকে আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগেই দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২১ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সব মিলিয়ে, ঈদকে ঘিরে আনন্দযাত্রার মাঝেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC