বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬

ঈদের দিনেও চলছে ‘বিজয় এক্সপ্রেস’

রাইজিং কুমিল্লা ডেস্ক

Train
ছবি: সংগৃহীত

ঈদের আনন্দের মাঝেও যাত্রীদের ভোগান্তির শেষ নেই। নির্ধারিত সূচি অনুযায়ী নয়, দীর্ঘ বিলম্বের কারণে ঈদের দিনেও চলাচল করছে আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেস।

জামালপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী এ ট্রেনটি নিয়মিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে চলায় ঈদের দিনেও সেটির যাত্রা অব্যাহত রাখতে হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৯টায় এবং জামালপুর থেকে রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্রায় প্রতিদিনই বড় ধরনের বিলম্বে চলছে। পরিচালন সময় প্রায় সাড়ে ৮ ঘণ্টা হলেও বাস্তবে অনেক সময় ৭–৮ ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে।

চলতি সপ্তাহে বিলম্ব আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম–ময়মনসিংহ রুট পরিবর্তন করে জামালপুর পর্যন্ত বর্ধিত করার পর থেকেই ট্রেনটি সময়সূচি মেনে চলতে পারছে না। অতিরিক্ত দূরত্ব ও পরিচালন জটিলতার কারণে প্রতিদিনই বিলম্ব বাড়ছে বলে অভিযোগ।

বুধবার সর্বশেষ ট্রিপে ট্রেনটি ৭–৮ ঘণ্টা দেরিতে চলায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের সময় এমন পরিস্থিতি অপ্রত্যাশিত।

ট্রেনে দায়িত্বরত একাধিক কর্মচারী জানান, “টাইমিংয়ের দিক থেকে বর্তমানে সবচেয়ে বাজে অবস্থা বিজয় এক্সপ্রেসের। জামালপুর পর্যন্ত বর্ধিত হওয়ার পর থেকে ট্রেনটি সময় মেনে চলতে পারছে না। এবার ঈদের নামাজও আমরা ঠিকভাবে আদায় করতে পারব না।”

আরও পড়ুন