
রাইজিং কুমিল্লা ডেস্ক

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে সম্মানীর পরিমাণ কত হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে সরকার।
ঈদের আগেই কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মাহদী আমিন জানান, বৈঠকে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনি অঙ্গীকারের মধ্যে ছিল দেশের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন-খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসবভাতা প্রদান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিদ্ধান্ত হয়েছে, ঈদের আগেই প্রস্তুতি শুরু করে কিছু কিছু এলাকায় ইমাম, মুয়াজ্জিন-খতিবদের সম্মানী দেওয়া হবে।
তিনি আরও বলেন, বৈষম্যহীনভাবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারসহ বিভিন্ন নীতিগত বিষয়ে পর্যালোচনা করা হয়।
সম্মানীর পরিমাণ সম্পর্কে জানতে চাইলে মাহদী আমিন বলেন, বিষয়টি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) জানান, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফ করেন এবং দীর্ঘদিনের কর্মজীবীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন নীতিগত কার্যক্রম নিয়েও আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC