
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশবাসীর জন্য বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঈদের ভ্রমণ পরিকল্পনা অবশ্যই পর্যাপ্ত সময় হাতে রেখে করতে হবে। যাত্রাকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চালককে দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য চাপ না দেওয়ার পাশাপাশি বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। যেখানে এসব সুবিধা নেই, সেখানে যানবাহনের গতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে রাস্তা পার হতে বলা হয়েছে। প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার জন্যও সতর্ক করা হয়েছে।
বাসচালকদের উদ্দেশে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকতে হবে। ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানোর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বাসে অতিরিক্ত যাত্রী না তোলা এবং আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলাচলের সময় পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নৌপথে যাত্রীদের সতর্কতা
নৌপথে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, স্টিমার বা স্পিডবোটে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নৌযানের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌপথে ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে পুলিশ।
স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরার আহ্বান জানানো হয়েছে।
নৌযান মালিকদের উদ্দেশে বলা হয়েছে, নির্ধারিত গ্রেডের মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করতে হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানের চলাচল বন্ধ রাখতে হবে। পাশাপাশি মাস্টার ব্রিজে যাত্রীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা এবং পর্যাপ্তসংখ্যক বয়া ও লাইফ জ্যাকেট রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া নৌযান চালকদের আবহাওয়ার পূর্বাভাস জেনে বন্দর ত্যাগ করা, ডেকে যাত্রীদের বসার স্থানে মালপত্র না রাখা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা এবং ঝড়ের আশঙ্কা দেখা দিলে নৌযানকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নৌযানে মোবাইল ফোন ও রেডিও রাখার পাশাপাশি নিয়মিত আবহাওয়া বুলেটিন শোনার কথাও উল্লেখ করা হয়েছে।
ট্রেন যাত্রীদেরও সতর্ক করে বলা হয়েছে, ট্রেনের ছাদ, বাফার, পাদানি বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে। ভ্রমণের সময় পাথর নিক্ষেপের বিষয়ে সতর্ক থাকা এবং মালপত্র নিজের দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
প্রয়োজনে সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স–এর কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০ ও ০১৩২০০০১২৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া হাইওয়ে পুলিশ (বাংলাদেশ) (০১৩২০১৮২৫৯৮), বাংলাদেশ রেলওয়ে পুলিশ (০১৩২০১৭৭৫৯৮), নৌ পুলিশ (বাংলাদেশ) (০১৩২০১৬৯৫৯৮) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (০১৭৭৭৭২০০২৯) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে জেলা পুলিশ সুপার অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের সঙ্গেও যোগাযোগ করার কথা জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC