
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের স্বতঃস্ফূর্ত সাড়ায় এ পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।
গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের অনলাইন ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন।
এনবিআর-এর বিশেষ আদেশ অনুযায়ী, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক—এসব শ্রেণি ছাড়া অন্যান্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব শ্রেণির করদাতা বাধ্যতামূলকতার বাইরে রয়েছেন, তারাও ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন-সংক্রান্ত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, তিনি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে সে ক্ষেত্রে তাঁরা পেপার রিটার্ন জমা দিতে পারবেন। এ বছর করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও তাঁর পক্ষে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বাধ্যতামূলকতা না থাকলেও তারা চাইলে সহজেই সিস্টেমে নিবন্ধন করে ই-রিটার্ন দিতে পারছেন। এর জন্য পাসপোর্ট নম্বর, এনআইডি, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য [email protected]-তে পাঠালে এনবিআর আবেদনকারীর ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠাচ্ছে।
কোনো দলিল আপলোড ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য এন্ট্রি করে ঘরে বসেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে অনলাইনে কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ তৈরি করে দিচ্ছে, যা করদাতারা তাৎক্ষণিকভাবে প্রিন্ট নিতে পারছেন। এসব সুবিধার কারণেই দেশ-বিদেশের করদাতাদের কাছে ই-রিটার্ন এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
করদাতাদের সুবিধার জন্য এ বছরও এনবিআর অনলাইন রিটার্ন দাখিলের ওপর প্রশিক্ষণ দিয়েছে। করদাতাদের পাশাপাশি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি—যেমন আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারিদেরও এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরের এনবিআর কল সেন্টার থেকে তাৎক্ষণিক সমাধান পাওয়া যাচ্ছে। এছাড়া www.etaxnbr.gov.bd-এর eTax Service অপশনে লিখিতভাবে সমস্যার সমাধানও করা হচ্ছে। দেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও অফিস চলাকালে সহায়তা মিলছে।
সব করদাতাকে ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করতে এনবিআর আন্তরিক অনুরোধ জানিয়েছে।









