
রাইজিং কুমিল্লা ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের ধস নেমেছে। ইরান ঘোষণা দিয়েছে, যুদ্ধবিরতির সময় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রাখা হবে। এই ঘোষণার পরপরই বৈশ্বিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২.৮৭ ডলার বা প্রায় ১২.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬.৫২ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৩.৫০ ডলার বা ১৪.২৬ শতাংশ কমে ৮১.১৯ ডলারে নেমে এসেছে। উভয় সূচকই ১০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় এবং এপ্রিলের মধ্যে সবচেয়ে বড় দৈনিক পতনের মুখে পড়ে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবাননকে ঘিরে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘোষণা তেলের বাজারে তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, যুদ্ধবিরতি বজায় থাকলে পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে। তবে হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল কতটা বাড়ে, সেটিই এখন পর্যবেক্ষণের বিষয়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির খবরও সামনে এসেছে। একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যা চলমান সংঘাতের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ভবিষ্যতে আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না বলে সম্মত হয়েছে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়েও দীর্ঘমেয়াদি সীমাবদ্ধতার প্রস্তাব দিয়েছে।
একই সঙ্গে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি এবং নতুন করে আলোচনার সম্ভাবনাও বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে ঘিরে সামরিক অবরোধ এখনো বহাল রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি উন্মুক্ত করা একটি ইতিবাচক পদক্ষেপ হলেও ইউরোপীয় বাজারে সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপে তেল পৌঁছাতে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময় লাগে। পাশাপাশি পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে চূড়ান্ত সমাধান না হলে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC