
রাইজিং স্পোর্টস ডেস্ক
কুমিল্লার কৃতি সন্তান মোফাজ্জল মাহিন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে আবারও দেশের মুখ উজ্জ্বল করেছেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ তিনি দলগত ইভেন্টে রৌপ্য পদক এবং একক কাতা ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন।
গত ২৫ ও ২৬ এপ্রিল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। মাহিনের সাথে দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে অংশ নেন মো. হাবিব সরকার, মাসুক মেহেদী এবং মো. জাহিদুল ইসলাম জুবায়ের।
প্রতিযোগিতায় বাংলাদেশসহ, আর্মেনিয়া, ইরান, রাশিয়া, রোমানিয়া ও ইথিওপিয়ার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
মাহিনের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়। কুমিল্লা হাইস্কুল থেকে এসএসসি ও কুমিল্লা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি ‘দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশন’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে মাহিন বলেন, “এটা আমার জন্য এবং আমার দেশের জন্য অনেক বড় অর্জন। আমি গর্বিত যে দেশের হয়ে স্বর্ণপদক অর্জন করতে পেরেছি। আমার এই অর্জন বাংলাদেশকে গর্বিত করবে এবং কুমিল্লাকে দেশের অন্যতম জেলা হিসেবে পরিচিত করবে।”
তিনি আরও জানান, তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আফসু ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক। পাশাপাশি যারা তাকে সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মাহিন বলেন, “কারাতে একটি আত্মরক্ষামূলক কৌশল। দেশের ছাত্রছাত্রীরা যাতে আত্মরক্ষার জন্য এই কৌশল আয়ত্ত করতে পারে, সে লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও এমন অর্জন ধরে রাখতে দেশবাসীর দোয়া চাই।”
উল্লেখ্য, ২০২৫ সালে যুক্তরাজ্যের রিচমন্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক জয় করেন মাহিন। এছাড়া ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপে রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC