
নিজস্ব প্রতিবেদক
আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পাবলিক ও বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সময়ে নির্বাচন না করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আগামী জানুয়ারিতে আমরা আশা রাখি নির্বাচন হবে। সম্ভাব্য তফসিলের নির্বাচনের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। সেভাবেই আমাদের পরিকল্পনা আপনাদের জানানো হতে পারে।”
তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে বিভিন্ন পাবলিক পরীক্ষা রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময় বাদ দিয়ে পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা ভাবছে নির্বাচন কমিশন।
ইসি কমিশনার বলেন, সাধারণত নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই পরীক্ষার সময়সূচি বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নির্ধারণ করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা বলতে পারি নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না।” বার্ষিক পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় এ সময়ে নির্বাচন আয়োজনের সুযোগ দেখছে না কমিশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন শেষ করার একটি টাইমলাইন ধরে কমিশন চিন্তাভাবনা করছে। এর মধ্যে বিভিন্ন মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হয়ে গেলে নির্বাচনের আওতাধীন ইউনিয়ন পরিষদের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি জানান, দেশে প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে এসব নির্বাচন আয়োজন করতে গেলেও প্রতিটি ধাপে নির্বাচনের সংখ্যা অনেক বড় হয়ে যাবে।
ইসি কমিশনার বলেন, “আমরা আশা রাখি, পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে জানুয়ারির দিকে আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো।”
তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল পরবর্তী সময়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC