
রাইজিং কুমিল্লা ডেস্ক

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা তরুণী মোছা. রোমানা আক্তার রুমি (১৯) হত্যাকাণ্ডের প্রায় ছয় মাস পর মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও নিহতের স্বামী মো. বেলাল মিয়াকে (২০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং থানাধীন গোল্ডেন টাওয়ারের সামনে থেকে বেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রোমানা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪।
গ্রেপ্তার বেলাল মিয়া রংপুর জেলার পীরগাছা থানার দুধিয়াবাড়ী তালুক এলাকার মো. সালদার আলীর ছেলে। মামলার এজাহার ও র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সকালে আশুলিয়ার পাবনারটেক এলাকায় ভাড়া বাসায় রোমানা আক্তার রুমিকে হত্যা করা হয়। রোমানা স্থানীয় একটি চুল তৈরির কারখানায় কাজ করতেন। ঘটনার সময় তিনি প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
প্রায় এক বছর আগে পারিবারিকভাবে বেলাল মিয়ার সঙ্গে রোমানার বিয়ে হয়। বিয়ের পর তারা আশুলিয়ার পাবনারটেক এলাকায় একটি চুল কারখানার পেছনে হেলাল মাস্টারের বাড়ির ভাড়া বাসায় বসবাস করতেন।
এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন সকাল ৬টা থেকে ৮টার মধ্যে কোনো একসময় বেলাল পূর্বপরিকল্পিতভাবে রোমানার গলায় আঘাত করেন এবং পরে দুই হাতের কবজির রগ কেটে দেন। এতে ঘটনাস্থলেই রোমানার মৃত্যু হয়।
এজাহারে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর সকাল ৮টার দিকে বেলাল নিহতের ভাইয়ের কক্ষ থেকে একটি ভিভো স্মার্টফোন, তার মায়ের ব্যবহৃত একটি বাটন ফোন এবং নগদ ৫০০ টাকা নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। চুরি যাওয়া মালামাল ও নগদ টাকাসহ মোট মূল্য প্রায় ১৮ হাজার ৭০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC