
বিনোদন ডেস্ক
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নতুন এক ট্রেন্ডের হাওয়া বইছে। ফেসবুক খুললেই চোখে পড়ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার কিংবা ভিন্টেজ ফটোশুটের আদলে তৈরি ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট, রেট্রো হেয়ারস্টাইল—সব মিলিয়ে যেন নেটিজেনরা ফিরে গেছেন সোনালি এক সময়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি এসব ছবিতে আশির দশকের ফ্যাশন ও নান্দনিকতাকে নতুন করে তুলে ধরা হচ্ছে। সাধারণ নেটিজেনদের পাশাপাশি এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারাও। নিজেদের ভিন্টেজ লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের মধ্যে তৈরি করেছেন নতুন উন্মাদনা।
নতুন এই ট্রেন্ডে নজর কেড়েছেন অভিনেত্রী পূর্ণিমা, ভাবনা, সাফা কবির, তমা মির্জা, তাসনিয়া ফারিণ, অর্চিতা স্পর্শিয়া, বিদ্যা সিনহা মিম, তৌসিফ মাহবুব, আরশ খান, জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকেই।
নজরকাড়া একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী পূর্ণিমা ক্যাপশনে লিখেছেন, ‘নতুন ট্রেন্ড।’
অভিনেত্রী তমা মির্জা দুটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে।’ অভিনেত্রী তানজিকা আমিনের ক্যাপশন ছিল, ‘গা ভাসাইলাম।’
আশির দশকের স্মৃতিময় আবহে ফিরে যাওয়ার অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকের লুক।’
ছবিটি পোস্ট করে ভাবনা লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।
সাফা কবির লিখেছেন, ‘আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে! আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, ‘এলাকায় আছি!’
গায়িকা জেফার রহমানও যোগ দিয়েছেন এই ট্রেন্ডে। তার ক্যাপশন, ‘ইন্টারনেটের আশির দশকের এই পার্টিতে এইমাত্র যোগ দিলাম!’
অভিনেত্রী সামিয়া অথৈ নিজের ভিন্টেজ লুকের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকে আমাকে কেমন দেখতে লাগত? একটু ভিন্টেজ, একটু গ্ল্যামারাস, আর পুরোটাই আমার মতো। আশির দশকের আমি।’
অভিনেত্রী পূজা চেরি লিখেছেন, ‘করলাম আরকি আশির দশকের লুক।’ আর মৌসুমী হামিদের মন্তব্য ছিল সংক্ষিপ্ত—‘খারাপ না।’
হ্যাশট্যাগ ‘আশির দশক’ লিখে দুটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে! আশির দশকের একজন অভিনেতা হলে যেমনটা হতো।’
তবে আশির দশকের ট্রেন্ডের মাঝেও ব্যতিক্রম আরশ খান। নব্বইয়ের দশকে ক্যামেরাবন্দি একটি পুরোনো ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এআই ছাড়া নব্বই দশকের ছবি।’
দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েকও দুটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশক! ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি!’
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ভালোই হতো।’ অভিনেতা অ্যালন শুভ্র ছবি প্রকাশ করলেও কোনো ক্যাপশন দেননি।
অভিনেতা তৌসিফ মাহবুবের ক্যাপশন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে…।’
অন্যদিকে একটি গাড়ির সামনে চশমা চোখে দাঁড়িয়ে থাকা নিজের ছবি প্রকাশ করেছেন অভিনেতা শ্যামল মাওলা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পুরোনো দিনের স্টাইল কখনও ফ্যাশনের বাইরে যায় না।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC