
অনলাইনভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে দেশে আলোচিত এক বাংলাদেশি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) সিআইডির এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ওই যুগল সামাজিক মাধ্যমে নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচিত করালেও, সিআইডি নিশ্চিত করেছে যে তারা মূলত আন্তর্জাতিক পর্ন সাইটগুলোতে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন। দেশের ভেতর থেকেই এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে জানিয়েছে সিআইডি।
গবেষণামূলক প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’-এর এক অনুসন্ধানে জানা যায়, এই দম্পতি ২০২৪ সালের মে মাস থেকে পর্ন কনটেন্ট তৈরি ও অনলাইনে প্রকাশ শুরু করেন। মাত্র এক বছরের মধ্যেই তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিশালসংখ্যক দর্শক ও অনুসারী গড়ে তোলেন।
তাদের কর্মকাণ্ড শুধু একটি প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ ছিল না। ইউরোপ ও আমেরিকার জনপ্রিয় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটগুলো ছাড়াও টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে তারা কনটেন্ট প্রচার চালাতেন। টেলিগ্রামে তাদের পরিচালিত চ্যানেলটিতে কয়েক হাজার সদস্য রয়েছে, যেখানে নিয়মিত ভিডিও লিংক ও আয়সংক্রান্ত তথ্যও শেয়ার করা হতো।
অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, তারা তরুণদের অর্থ উপার্জনের লোভ দেখিয়ে এই কনটেন্ট ইন্ডাস্ট্রিতে যুক্ত করার চেষ্টা চালাচ্ছিল। এমনকি কিছু পোস্টে ‘নতুন কনটেন্ট ক্রিয়েটর সংগ্রহ করুন, ইনসেনটিভ পান’ ধরনের প্রচারণাও চালানো হতো, যা প্রমাণ করে তারা একটি নেটওয়ার্ক তৈরি করতে আগ্রহী ছিল।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।








