
রাইজিং কুমিল্লা ডেস্ক
আলজেরিয়ায় আটক চার বাংলাদেশি নাগরিক প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তারা আলজেরিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসিত হন।
আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া দেশটিতে অবস্থানের অভিযোগে আলজেরিয়ার পুলিশ তাদের আটক করেছিল।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের মাধ্যমে অবৈধভাবে আলজেরিয়ায় প্রবেশ করেছিলেন।
ঘটনার পরপরই বাংলাদেশ দূতাবাস আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে একজন আইনজীবী নিয়োগ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ৩০ জুন আলজেরিয়ার আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন। পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তারা নিরাপদে বাংলাদেশে ফিরে আসেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বর্তমানে আটক থাকা বাকি ১০ বাংলাদেশি নাগরিকের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC