
বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরে ‘ভালো বন্ধু’ পরিচয়ের আড়ালে থাকা জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী–অভিনেত্রী জেফার রহমান অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন।
বুধবার দুপুরে বিয়ের কিছু ছবি প্রকাশ করে নিজেদের বিবাহের খবরটি আনুষ্ঠানিকভাবে জানান এই তারকা জুটি।
বিয়ের ছবি শেয়ার করে যৌথ বিবৃতিতে রাফসান ও জেফার লেখেন, “বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে আমরা জীবনের নতুন পথে যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আজ থেকে একসঙ্গে আমাদের একটি সুন্দর নতুন অধ্যায় শুরু হলো।”
একই ক্যাপশনে জেফার রহমান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাফসানের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলো প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত–অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
জানা গেছে, বুধবার সকালে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ এবং দুপুরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকলেও এতদিন রাফসান ও জেফার নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়ে আসছিলেন। অবশেষে সেই সম্পর্কই পরিণতি পেল বিবাহবন্ধনে।
উপস্থাপক হিসেবে রাফসান সাবাব নিয়মিত স্টেজ শো ও বিভিন্ন আয়োজনে যুক্ত। বিশেষ করে তার উপস্থাপনায় ‘হোয়াট অ্যা শো’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এর আগে প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন।
অন্যদিকে, জেফার রহমান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ‘ঝুমকা’, ‘লিচুর বাগানে’, ‘নিয়ে যাবে কি’, ‘বয়াম পাখি’—এ ধরনের গান শ্রোতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সংগীতের পাশাপাশি অভিনয়েও নিয়মিত তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘মনোগামী’–তে অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন জেফার।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নবদম্পতির প্রতি ভালোবাসা ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC